১০ বছরে বাংলাদেশে ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ই-ডটকো

২৬ অক্টোবর, ২০২৩ ২০:৩৩  

জমকালো আয়োজনে বাউলিয়া বাঙালীয়ানা, মালয় সুর আর প্রযুক্তির বিচ্ছুরণে বাংলাদেশে পথ চলার এক দশক পালন করলো ই-ডটকো। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত রেস্তোরায় এ উপলক্ষে কেক কাটেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় তার সঙ্গে ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোঃ হাশিম, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, ইডটকো বাংলাদেশ এর চেয়ারম্যান এবং ইডটকো গ্রুপ এর জিসিইও আদলান তাজুদিন এবং ইডটকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক।

অনুষ্ঠানে জানানো হয়, দশ বছরের এই সংক্ষিপ্ত যাত্রায়- মালয়েশিয়াভিত্তিক ইডটকো গ্রুপের অঙ্গ/সহযোগী প্রতিষ্ঠান, ইডটকো বাংলাদেশ এদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে কার্যকরী ও তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। কোম্পানিটি প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং মোট ৬০ বিলিয়ন ডলারের ক্যাপেক্স ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করেছে বিগত দশ বছরে। বাংলাদেশে যাত্রা শুরুর এই দশ বছর পর প্রতিষ্ঠানটি ডিজিটাল এবং অভিনব নেটওয়ার্ক অবকাঠামো সেবা প্রদানের মাধ্যমে ইন্ডাস্ট্রির শীর্ষস্থান বজায় রেখে চলেছে এবং বর্তমানে দেশজুড়ে ৩৫টি আঞ্চলিক কার্যালয় স্থাপন ও মোট ১৮ হাজার টাওয়ার (মালিকানাধীন ও পরিচালিত) এর সমন্বয়ে কোটি কোটি মানুষের কাছে নির্বিঘ্ন টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিচ্ছে।

প্রসঙ্গত, ঢাকায় সেন্টার অব ডিজাইন এক্সিলেন্স (সিওডিই) এর প্রতিষ্ঠা টেকসই ডিজাইন সল্যুশনে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিরই স্বাক্ষর। ইডটকোর দূরদর্শী প্রচেষ্টার অন্যতম এক নিদর্শন হল, হাতিয়া দ্বীপে ৭৫ মিটার উঁচু বাংলাদেশের প্রথম হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার উদ্বোধন এবং উদ্ভাবন ও টেকসইতায় গুরুত্ব দিয়ে টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণে ব্যাম্বু বা বাঁশ এর ব্যবহার। অধিকন্তু, এদেশে স্প্যান প্রেস্ট্রেসড কংক্রিট (এসপিসি) টাওয়ার এর প্রবর্তন ধারাবাহিক ও টেকসই উন্নয়নে কোম্পানির অঙ্গীকারের-ই প্রতিফলন।

প্রযুক্তিগত এসব উদ্ভাবনের পাশাপাশি টাওয়ার শেয়ারিং এর মতো অভিনব উদ্যোগ ইডটকো বাংলাদেশ এর ইতিবাচক প্রভাবকে আরো বেশি অনুরণিত করে- এতে করে প্রতিষ্ঠানটির কার্বন ফুটপ্রিন্ট প্রশমন ও বিভিন্ন টেকসই উৎস থেকে প্রাপ্ত বাড়তি বিদ্যুৎ দিয়ে ৮ হাজারের বেশি পরিবারকে সহযোগিতা করা সম্ভব হচ্ছে।

আবার সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিনেশন কর্মসূচির মাধ্যমে ইডটকো স্থানীয় কমিউনিটির সেবায় নিজেদের প্রতিশ্রুতি পালনের অঙ্গীকার পূরণে সচেষ্ট থেকেছে। ‘গ্লোবাল বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডস ২০২২’ এর সম্মাননা প্রাপ্তি এবং মর্যাদাপূর্ণ ‘আইএসও ৯০০১:২০১৫’ সনদ অর্জন মানসম্পন্ন সেবা প্রদানে কোম্পানির আন্তরিক প্রচেষ্টাকেই প্রতিফলিত করে। ১৭ হাজার এর বেশি টাওয়ারের আওতায়, ২৫ হাজার টেনেন্সির এই কার্যক্রম স্মার্ট ও আরো সংযুক্ত বাংলাদেশ বিনির্মাণে ইডটকো বাংলাদেশ এর নিরলস প্রচেষ্টা ও প্রতিশ্রুতি-ই নির্দেশ করছে।

ইডটকো বাংলাদেশ এর চেয়ারম্যান এবং ইডটকো গ্রুপ এর জিসিইও আদলান তাজুদিন বলেন, ভবিষ্যতের কথা ভেবে আমরা বাংলাদেশের টেলিসংযোগ খাতে ফাইভ জি প্রযুক্তি প্রচলনের মনোযোগ দিয়েছি প্রযুক্তিগত রূপান্তর নিশ্চিত করছি। বাংলাদেশকে আমরা একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করি। সে অনুযায়ী ইডটকো বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে প্রযুক্তির বিবর্তনে নেতৃত্ব দিতে প্রস্তুত। এ জন্য যুগান্তকারী উদ্ভাবন ও কমিউনিটি কানেক্টিভিটি বা অধিকসংখ্যক স্থানীয় জনগোষ্ঠীকে টেলিযোগাযোগ সেবার আওতায় নিয়ে আসার উপর জোর দেওয়া হবে।"

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, "বাংলাদেশ কার্যক্রমের নিবেদিতপ্রাণ সব কর্মীর নিরলস প্রচেষ্টা ও এই অঞ্চলের অন্যান্য কর্মীদলের সমর্থনের ফলেই আমাদের সফলতা অর্জন সম্ভব হয়েছে। এছাড়াও সরকারের সহায়তা, স্টেকহোল্ডার বা অংশীজনদের সমর্থন এবং এদেশের মানুষের আস্থা ও বিশ্বাস, এগুলোও ছিল অভূতপূর্ব। ফলে আমাদের যাত্রা সাবলীল হয়েছে। টেকসই উদ্ভাবনে জোর দিয়ে আমরা ফাইভ জি যুগের জন্য প্রস্তুত। আমরা এখন একটি সংযুক্ত, স্মার্ট, সবুজ বাংলাদেশ গড়ে তোলার অভীষ্ট লক্ষ্য অর্জনের রুপকল্প নিয়ে এগোচ্ছি।"
মালয়েশিয়াভিত্তিক ইডটকো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ সালে ইডটকো বাংলাদেশের যাত্রা শুরু হয়। সেই থেকে এই প্রতিষ্ঠান চ্যাম্পিয়নের মতো বাংলাদেশের টেলিযোগাযোগ টাওয়ার অবকাঠামো স্থাপন ও পরিচালনায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে। টাওয়ার স্থাপন ও লিজিং, কো-লোকেশন বা একই ধরনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীজন হয়ে কাজ চালিয়ে নেওয়া, জ্বালানি ব্যবস্থাপনা এবং সর্বস্তরে টেকসই কার্যক্রমে জোর দিয়ে চলে ইডটকো । রোল্যান্ড বার্গারের সাথে করা একটি যৌথ সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে টাওয়ার কোম্পানিগুলোর অবকাঠামো ভাগাভাগির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা পরিচালনকারীরা ১০ বিলিয়ন বা এক হাজাার কোটি মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারে। একই সঙ্গে গ্রাহকদেরও সাশ্রয়ী মূল্যে ফাইভ জিপরিষেবা ব্যবহারের সুবাদে ২০২৫ সাল নাগাদ মোট ৬৭ বিলিয়ন বা ৬ হাজার ৭০০ কোটি সাশ্রয় হতে পারে।